শনিবার, ৭ নভেম্বর ২০২৬

অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসনই লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্য তুলে ধরেছেন সমাজকল্যাণ মন্ত্রী।
অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসনই লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অবহেলিত, অধিকারবঞ্চিত, পরিত্যক্ত ও পিতামাতাহীন শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে সমাজের মূলধারায় পুনর্বাসন করাই সরকারের লক্ষ্য।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের ফরহাদাবাদে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের কার্যক্রম দেখতে তিনি সেখানে যান।

পথশিশু ও ভিক্ষাবৃত্তিতে যুক্ত শিশুদের পুনর্বাসনের আগে তাদের সাইকোসোশ্যাল মোটিভেশনের আওতায় আনা প্রয়োজন বলে জানান মন্ত্রী। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনের আগে মন্ত্রী কেন্দ্র প্রাঙ্গণে একটি পেয়ারা গাছ রোপণ করেন। পরে হলরুমে শিশুদের আঁকা দেয়ালিকার ১২তম সংখ্যা ‘আলোকবর্তিকা’ উন্মোচন করেন। এ সময় বাংলাদেশের পতাকার রঙের পোশাক পরে শিশুরা কয়েকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।

কেন্দ্রে ১৬ ধরনের শিশু

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার জানান, কেন্দ্রে পথশিশু, শ্রমজীবী শিশু, গৃহকর্মে নিয়োজিত শিশু, পিতামাতাহীন ও পরিত্যক্ত শিশু, পাচার থেকে উদ্ধারকৃত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু এবং প্রতিবন্ধী শিশুসহ ১৬ ধরনের শিশু থাকে।

তিনি বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জীবনমান উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের সমাজের মূলধারায় পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

২০১২ সালের ১২ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি থেকে ২ হাজার ২৪টি শিশু সেবা নিয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৭৮টি শিশু বিভিন্নভাবে পুনর্বাসিত হয়েছে এবং ৫০০ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কেন্দ্রে ১০০ জন বালক ও ১০৪ জন বালিকা রয়েছে। তাদের বয়স ৬ থেকে ১৮ বছর।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box