শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল শনিবার সকাল ১১টায় প্রকাশ করা হয়।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী পাস করেছে।

গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। এবার পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এ ক্ষেত্রে পাসের হার ৫১.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। এই বোর্ডগুলোতে ছাত্রদের তুলনায় ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাস করেছে।

এ বছর পরীক্ষার কেন্দ্র ছিল ২ হাজার ৭৬০টি এবং প্রতিষ্ঠান ৯ হাজার ৩৯০টি। গত বছরের তুলনায় প্রতিষ্ঠান বেড়েছে ৮৮টি, তবে কেন্দ্র কমেছে ৪০টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। গত বছরের তুলনায় শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

বিদেশের ৮টি কেন্দ্রে ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন পাস করেছে। সেখানে পাসের হার ৯০.৮৭ শতাংশ।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box