
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ ও তাঁর পোষ্যদের নামে বিভিন্ন ব্যাংকে জমা থাকা ১৫৫ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকের ১৩টি হিসাবে জমা আছে এ টাকা।
দুদক জানিয়েছে, এসব অর্থ অবরুদ্ধের অনুরোধ জানিয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজের কাছে আবেদনটি জমা দেবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের অনুসন্ধানে হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের মালিক কাজী জাফর উল্ল্যাহ ও তাঁর পোষ্যদের নামে থাকা ব্যাংক হিসাব, এফডিআর ও অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাই করা হয়। এতে তিনটি ব্যাংকে মোট ১৫৫ কোটি ১ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়। পাশাপাশি ১৬ হাজার ৫০০ মার্কিন ডলারের সন্ধানও মেলে।
দুদকের ভাষ্য, এসব অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ কারণে অর্থগুলো অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করা হবে।
যে হিসাবে কত টাকা
দুদকের তথ্য অনুযায়ী, কাজী জাফর উল্ল্যাহর নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকে ৪৯ কোটি ৭৬ লাখ টাকা রয়েছে। তাঁর স্ত্রী নিলুফার জাফর উল্ল্যাহর নামে মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকে আছে ২৬ কোটি ২৫ লাখ টাকা।
ছেলে কাজী ওমর জাফরের নামে তিন ব্যাংকে ২৩ কোটি ৮৪ লাখ টাকা এবং আরেক ছেলে কাজী রায়হান জাফরের নামে মেঘনা ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে ২৩ কোটি ৩৭ লাখ টাকা পাওয়া গেছে। রায়হান জাফরের নামে মেঘনা ব্যাংকে ১৬ হাজার ৫০০ মার্কিন ডলারের তথ্যও রয়েছে।
মেয়ে কাজী আনুসকা মেহেরিন জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে ৩১ কোটি ৭৬ লাখ টাকা জমা আছে বলে জানিয়েছে দুদক।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন