
অনলাইন ডেস্ক: ফরিদপুর, ৩১ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালমারীতে বাবার অটোভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বায়েজিদ মুন্সি (১০) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফাপাড়া ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ উপজেলার মিঠাপুর গ্রামের মিল্টন মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বায়েজিদ তার মাকে সঙ্গে নিয়ে বাবার অটোভ্যান চালিয়ে বাড়ি থেকে দাদপুর যাচ্ছিল। খলিফাপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পিলারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় বায়েজিদ ও তার মা রাস্তার পাশের খাদে পড়ে যান। অটোভ্যানটি বায়েজিদের ওপর পড়ে তাঁর ডান পাঁজরে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা বায়েজিদকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বাসসকে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন